আসন সমঝোতা ভেস্তে দিয়ে শিলিগুড়িতে বাম- কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন দাখিল

আমাদের ভারত, শিলিগুড়ি, ৩ জানুয়ারি: শিলিগুড়ি পুর নির্বাচন ঘোষণা হওয়ার পরেই বাম-কংগ্রেস বৈঠক করে আসন সমঝোতার জন্য। কিন্তু কংগ্রেস না জানিয়ে বামেরা প্রার্থী ঘোষণা করতেই সেই সমঝোতায় জট পাকিয়ে যায়। দুই দলের নেতৃত্বই বলেছিল তৃণমূল-বিজেপিকে হারাতে তারা একসঙ্গে লড়বে। যদিও বাস্তবে হল উলটোটাই। দুই দল প্রার্থী ঘোষণা করে মনোনয়ন জমা করে জোটের দফারফা করে দিল।

পুরনিগমের ৪৭টি আসনের মধ্যে ২৪টি আসন পেলেই বোর্ড দখল করা যায়। কিন্তু কংগ্রেস ৩৪টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচন চতুর্মুখী করে দিল। এবিষয়ে প্রদেশ কংগ্রেসের ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুজয় ঘটক বলেন, আগামী ৬ জানুয়ারি পর্যন্ত বামেদের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। আমরা সবসময় চাই তৃণমূল-বিজেপি যাতে বোর্ড না গঠন করতে পারে। তার জন্য আমরা একসঙ্গে লড়তে চেয়েছিলাম। তবে দু’পক্ষই এব্যাপারে নরম হলে সমস্যা মিটে যাবে। কিন্তু যে ১৩টি আসনে আমরা প্রার্থী দিতে পারিনি সেগুলোতে আমাদের কর্মীরা বামেদেরই ভোট দেবে। কারণ কংগ্রেসীরা কখনই তৃণমূল কিংবা বিজেপিকে ভোট দেবে না।
   
অন্যদিকে সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক বলেন, আমরা আগেই কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দেবো না বলেছিলাম। তাই আমরা ৪৩টি আসনে প্রার্থী দিয়েছি। আর আসন সমঝোতা নিয়ে ওরা আলোচনা চাইলে আমরা রাজি আছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *