আমাদের ভারত, শিলিগুড়ি, ৩ জানুয়ারি: শিলিগুড়ি পুর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। আর তাই তৃণমূলের ৪৭জন প্রার্থী এদিন মনোনয়ন জমা দেন। তাদের সঙ্গে এসেছিলেন দলের কর্মীরাও। তবে সারাক্ষণ কর্মীদের উৎসাহ দিতে হাজির ছিলেন তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী ও গৌতম দেব।

একের পর এক প্রতিটি ওয়ার্ডের প্রার্থী এসে মনোনয়ন জমা দেন। অনেকেই মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে গৌতম দেবের সঙ্গে কথা বলে আশীবার্দও নেন। অনেকে আবার বাইরে বেরিয়ে এসে দেখা করেন। তবে এদিন সকালে তিনি নিজেই মনোনয়নপত্র জমা দেন। বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুরনিগম আমরাই দখল করব। আমাদের প্রতিটি প্রার্থী খুব ভালো হয়েছে। ফলাফল খুব ভালো হবে। আর মনোনয়ন জমা হয়ে গেল এবার আরও বেশি করে প্রচার শুরু করে দেবো। তবে করোনা বিধি মেনেই প্রচার করা হবে।এরপর তিনি সারাক্ষণ মহকুমা শাসকের দফতরের বাইরে বসে থাকেন। সেখানে দলের কর্মীদের সঙ্গে বেশ খোশমেজাজে আড্ডা মারেন। সব প্রার্থী ঠিকঠাকভাবে মনোনয়ন জমা দিয়েছে কি না তার খোঁজখবর নেন। পরে পাপিয়া ঘোষের সঙ্গেও বেশ কিছুক্ষণ আলোচনা করেন। যখন সকলের মনোনয়ন জমা দেওয়া হয়ে যায় তখন তিনি ফিরে যান। এদিকে গৌতম দেব বাইরে বসে থাকায় স্বাভাবিকভাবেই বেশ চাঙ্গা ছিল তৃণমূল কর্মীরা।

