কাঁথিতে পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ কাউন্সিলরদের

জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে একের পর এক কাউন্সিলর ও কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। এর ফলে কাঁথি পুরসভা ধরে রাখা শুভেন্দু অধিকারীর কাছে যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত বিধানসভা নির্বাচনের সময় ১৬ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপরেই দক্ষিণ কাঁথি কেন্দ্রে বিজেপি জয়লাভ করে। কাঁথি পুরসভায় বিজেপি এগিয়ে ছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পরিস্থিতির কিছুটা বদল হয়। সামনেই কাঁথি পৌরসভা নির্বাচন। প্রচারে নেমেছে শাসক দল তৃণমূল ও বিজেপি। তার আগে বিজেপি থেকে একের পর এক নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় শুভেন্দু অধিকারী কাদের নিয়ে পৌরসভা নির্বাচনে লড়বেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় কাঁথি পুরসভার পাঁচজন কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারা প্রত্যেকে শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিধানসভা নির্বাচনের আগে এরা সকলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন সন্ধ্যায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী, আলেম আলি খান প্রমুখ। 
 
বিধায়ক উত্তম বারিক বলেন, কাঁথি পুরসভার যেসব কাউন্সিলর নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তারা দলে ফিরতে চেয়ে আবেদন করেছিলেন। দলের নির্দেশেই ৫ জন কাউন্সিলরকে দলে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *