সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মে: গভীর রাতে দুষ্কৃতীদের তান্ডব, চলল গুলি ও একাধিক বোমা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন স্থানীয় দুই ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড় ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার শ্রীনগর এলাকায়। গুলি চালানো হয় শিবমন্দির মিলনী ক্লাব এলাকার বাসিন্দা রাজু ঘোষ ও শান্তনু রায় ওরফে বঙ্কা নামক দুই ব্যক্তির উপর। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য কলকাতা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাবড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাত সড়ে ১২টা নাগাদ ওই এলাকার বাসিন্দা রাজু ঘোষের দোকান লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতে আহত হয় রাজু এবং শান্তনু নামে দুই ব্যবসায়ী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত রাজু ও শান্তনুর উপরে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় পুলিশ পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করেছে। ধৃতরা হল- সঞ্জয় মন্ডল, বাড়ি হিজল পুকুর তিন নাম্বার রেল কলোনি এলাকায়। সন্তু সাহা, শ্রীনগর গোয়ালবাটির বাসিন্দা, লক্ষ্মণ সাহা, বাড়ি হাবড়ার শ্রীপুরে, কালা সরকার, অশোকনগরের মানিকতলার বাসিন্দা এবং দেবাশীষ দে, বাড়ি গোবরডাঙ্গা এলাকায়।
হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ওয়ার্ড কাউন্সিলর সিতাংশু দাস বলেন, “এই ঘটনায় রাজনৈতিক শত্রুতার যোগ থাকলেও থাকতে পারে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তদের খোঁজে তল্লাশি শুরু করেছে হাবড়া থানার পুলিশ। তবে দুষ্কৃতীদের এই তান্ডব প্রশাসন মেনে নেবে না”।

