আমাদের ভারত, ব্যারাকপুর, ৯ মে: ব্যারাকপুর শিল্পাঞ্চলের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং মহিলাদের আরো বেশি সাহসী ও আত্মবিশ্বাসী করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে
ব্যারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে শুরু হলো উইনার্স টিমের পথ চলা।
ব্যারাকপুর কমিশনারেটে মোট ৭৫ জন মহিলা পুলিশ থাকবেন এই বাহিনীতে। এই মহিলা পুলিশদের কাজের সুবিধার্থে ৬৫ টি বাইক ও ১০ টি স্কুটি দেওয়া হলো উইনার্স টিমের সদস্যদের। মূলত ব্যারাকপুর কমিশনারেটের মহিলাদের সুরক্ষিত রাখতে এই মহিলা বাহিনী বিভিন্ন থানা এলাকায় ঘুরে বেড়াবে। মহিলাদের উপর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হলে তারা প্রথমেই পৌঁছে যাবে। আজ প্রাথমিকভাবে ২১ জন মহিলা পুলিশ কর্মী নিয়ে এই উইনার্স টিমের পথ চলা শুরু হলো। আজ পতাকা নেড়ে এই দলের যাত্রার শুভ সূচনা করলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বাকিদের পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে নিয়োগ করা হবে। যেকোন পরিস্থিতির মধ্যেই সাধারণ মহিলাদের নিরাপত্তা দিতে এই উইনর্স টিমের মহিলা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে কোনো ভিড় এলকায় বা বিশেষ উৎসব অনুষ্ঠানে এই উইনার্স টিমের মহিলা পুলিশ কর্মীদের বিশেষ ভাবে মোতায়েন করা হবে।
তাছাড়াও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানালেন, আগামী দিনে চারচাকা গাড়ি এই পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হবে যাতে তারা প্রযোজনে তেমন কোনো তল্লাশি অভিযান বা কোনো বিশেষ ক্ষেত্রে ডিউটি করতে পারেন। আপাতত ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই মহিলা কর্মীদের। মহিলাদের উপর যাতে কোনোরকম আপত্তিকর ঘটনা না ঘটে সেটা ২৪ ঘন্টা নজর রাখবে উইনার্স টিম। এখনো পর্যন্ত উইনার্স টিমের কোনো পুলিশ স্টেশন করা হয়নি। আপাতত এদের হেডকোয়ার্টার পুলিশ কমিশনারের অফিস। কোনো রকম আপত্তিকর ঘটনার ফোন আসলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যাবে এই উইনার্স টিম, এমনটাই জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

