পথ দুর্ঘটনায় প্রয়াত আদ্রার ক্রিকেটার রেল কর্মীকে শেষ শ্রদ্ধা

সাথী দাস, পুরুলিয়া, ২৩ জুলাই: পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার খেলার মাঠে আর দেখা যাবে না আদ্রার অন্যতম সেরা খেলোয়াড় শিবাজী রাওকে। দেখা পাওয়া যাবে না আদ্রার ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে খেলার ব্যাট হাতে একের পর এক ছয় মারতে। আজ খেলার মাঠে শেষ বারের মতো ঢুকলেন শিবাজী রাও। তবে, মৃত অবস্থায়। পথ দুর্ঘটনা অকালে প্রাণ কেড়ে নিল তাঁর। রেল শহর আদ্রার বুকে অন্যতম এক সেরা খেলোয়াড়ের পরিচিত লাভ করার পাশাপাশি শিবাজী রাও আদ্রা ডিআরএম সেলের চিফ ওএস পদেও কর্মরত ছিলেন।

পথ দুর্ঘটনায় তাঁর এইভাবে অকাল প্রয়াণে পুরো আদ্রা রেলশহরে নেমে আসে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে আদ্রা ডিআরএম অফিস শোকোস্তব্ধ। এদিন তাঁর মৃতদেহ আদ্রার তার রেলকোয়ার্টারে আসতেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় উপচে পড়ল। ক্রীড়ামোদী মানুষজন থেকে শুরু করে রেল সংগঠনের পদাধিকারীদের দেখা গিয়েছে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে পৌঁছাতে। শ্রদ্ধা জানান পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর জয় ব্যানার্জি।

এদিন শিবাজী রাওয়ের মৃতদেহ তার প্রিয় খেলার মাঠ ইঞ্জিনিয়ারিং গ্রাউন্ডে শেষ বারের মত নিয়ে যাওয়া হয়। সেখানেও শেষ শ্রদ্ধা জানান তাকে রেল সংগঠনের পদাধিকারী বিধান কালিন্দী, অমর সিং, সুব্রত দে সহ খেলোয়াড় কাঞ্চন কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ঠ জনেরা।

পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৫৮ বছর বয়সি শিবাজী রাওয়ের। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এডিআরএম সেলে কর্মরত দেবাশীষ মান্না নামে আরও একজন। জানা যায়, বৃহস্পতিবার রাতে আদ্রার সাউথ সাইডে মোটর সাইকেলে থাকাকালীন তারা দুজনেই দুর্ঘটনার কবলে পড়েন। মাথায় গভীর চোট ও রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাঁদের স্থানীয় রেলের হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় দুর্গাপুরে। সেখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় শিবাজী রাওয়ের। তিনি আদ্রার ঘোড়া পার্কের সামনে অবস্থিত রেলের কোয়ার্টারে থাকতেন। যদিও কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *