স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই: বাইক কিনে না দিতে পারায় দিনমজুর বাবার উপর অভিমান করে আত্মঘাতী যুবক, ঘটনায় শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিনদী এলাকার।

জানাগেছে, মৃত যুবকের নাম সাগর মন্ডল, বয়স আনুমানিক ২১ বছর। বাবা আনার মন্ডলের কাছ থেকে জানা যায়, তার একমাত্র ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতো, গত সোমবার বাড়িতে ফিরে আসে। এরপরেই তার কাছে বহু মূল্যের একটি বাইক কিনে দেওয়ার জন্য আবদার করে। বাবা দিনমজুরের কাজ করেন ছেলের আবদার রাখতে পারিনি। এরপরেই অভিমানী ছেলে রাগ করে বাবার সাথে আর কথা বলছিল না। গতকাল সন্ধ্যায় হঠাৎই ঘরের দরজা খুলতেই দেখা যায় সাগর ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্বভাবতই একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশাহীন হয়ে পড়ে বাবা। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বাবা আনার মন্ডল জানান, তিন মেয়ের পরে তার একটি মাত্র পুত্রসন্তান, এইভাবে অভিমান করে চলে যাবে কখনোই ধারণা করতে পারেননি তিনি। শনিবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

