ভারত- বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ১৯৭০০ মার্কিন ডলার সহ ধৃত মহিলা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ জুলাই: চোরাপথে ভারত থেকে বাংলাদেশে মার্কিন ডলার নিয়ে যাওয়ার পথে বিএসএফের হাতে আটক হল এক মহিলা। শুক্রবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার বর্ডার চৌকি জয়ন্তীপুর, ১৫৮ ব্যাটালিয়নের জওয়ানরা ৫৯ বছর বয়সী এক সন্দেহ ভাজন মহিলাকে আটক করে। উদ্ধার হয় প্রচুর আমেরিকান ডলার। তারপর তাকে গ্রেফতার করে বিএসএফ। এরপর ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ আধিকারিক। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম মমতাজ মোল্লা। জয়ন্তীপুর এলাকায় বাসিন্দা।

বিএসএফ সূত্রের খবর, মমতাজ মোল্লাকে আটক করে বিএসএফের মহিলা জওয়ানদের তল্লাশির সময় মহিলার কাপড়ের ভিতর থেকে একটি প্যাকেট উদ্ধার হয়। প্যাকেট থেকে ১৯৭০০ আমেরিকান ডলার উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৫,৭২,৮৪৮ টাকা। ওই মহিলা পাচারকারী ভারত থেকে এই টাকা বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মমতাজ মোল্লা জানায়, সে নিজের বাড়িতে গৃহস্থালির কাজ করে, অর্থ উপার্জনের জন্য চোরাচালানের কাজে লিপ্ত হয়। সে জানায়, বিএসএফের ডিউটি লাইন অতিক্রম করে এই প্যাকেটটি এক চোরাকারবারীর হাতে তুলে দিতে হত। এই কাজের জন্য সে ১০০০ টাকা পেত। আটক মহিলা ও বাজেয়াপ্ত মুদ্রা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *