কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ পালিত হলো ’মহান ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২’।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কলকাতায় বাংলা সংস্কৃতির কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে প্রভাতফেরি হয়ে উঠেছিল উৎসবের মহাক্ষেত্র। বাংলাদেশ উপ-হাইকমিশনের সদস্যদের উপস্থিতিতে আলোর মিছিল পার্ক সার্কাসের বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব সরণিতে বাংলাদেশ কমিশনের শহিদ মিনারে গিয়ে শেষ হয়। শহিদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের ওপর শ্রদ্ধা জানানো হয়।

প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন এ খবর জানিয়ে লেখেন, “মহান ‘ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম রাষ্ট্রপতি, কাউন্সিলর (কনস্যুলার) মো: বশির উদ্দিন প্রধানমন্ত্রী, প্রথম সচিব (রাজনৈতিক-১) ও দূতালয় প্রধান শামিমা ইয়াসমিন স্মৃতি, পররাষ্ট্র মন্ত্রী এবং দ্বিতীয় সচিব (কন্স্যুলার) রাসেল জমাদার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন।

এর আগে উপ-হাইকমিশন চত্বরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা অর্ধনমিত করা হয়। এর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা অর্ধনমিত করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এরপর ভাষা শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এটি পরিচালনা করেন মসজিদের ইমাম।

২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর গুরুত্ব তুলে ধরতে আজ বিকেলে উপ-হাইকমিশন প্রাঙ্গণে (৯. বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি, কলকাতা-৭০০০১৭) এক বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মান্যবর উপ-হাইকমিশনার তৌফিক হাসানের স্বাগত ভাষণের পর কলকাতায় বিভিন্ন দেশের কনস্যুলেট প্রতিনিধিগণ তাদের নিজ নিজ ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এদের মধ্যে ছিল যুক্তরাজ্য, জার্মানী, রাশিয়া, ইতালী, থাইল্যান্ড, নেপাল কনস্যুলেট এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, কলকাতা। উক্ত অনুষ্ঠানে কলকাতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র ছাত্রীরা চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *