বীরভূমে এলোপাথাড়ি গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুন

আশিস মণ্ডল, সিউড়ি, ২২ ফেব্রুয়ারি: গুলি করে ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার সারদা মোড়ে। নিহত ব্যবসায়ীর নাম কমল কান্তি দে (৪২)। বাড়ি সাঁইথিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লীতে।

জানা গিয়েছে, নিহত কমল কান্তি দে’র ময়ূরেশ্বর থানার বোকারিয়া গ্রামের কাছে বহরমপুর – সাঁইথিয়া রাস্তায় একটি পেট্রোল পাম্প রয়েছে। এছাড়া তিনি বালি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। সোমবার রাতে এলোপাথাড়ি গুলি চালিয়ে তাকে খুন করে দুষ্কৃতীরা। রাত ১১টা নাগাদ নিজের পেট্রোল পাম্প থেকে কাজ সেরে একটি বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় সাঁইথিয়া ও ময়ূরেশ্বর থানার মাঝে সারদা মোড়ে কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে গুলি চালাতে শুরু করে। পালাবার চেষ্টা করলে তার পিঠে চারটি গুলি লাগে। এরপরে তাকে উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ব্যবসা সংক্রান্ত কারণেই এই খুন হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *