সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২১ মে: ঝালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলের স্টোর রুম থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ওই কমিউনিটি হল বা সংলগ্ন এলাকায় কোনও নৈশ প্রহরী মোতায়েন ছিল না বলে জানা গিয়েছে। ঠিক এক মাস আগেই ঘটা করে এই প্রজেক্ট অফ স্কুল ইউনিফর্মের কাজ শুরু হয় এখানে।

ঘটনার বিষয়ে ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার জানান, ঝালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে প্রজেক্ট অফ স্কুল ইউনিফর্মের কাজ চলছে। সেখানের স্টোর রুম থেকে রাতের অন্ধকারে রুমের তালা ভেঙ্গে সিসি ক্যামেরার তার কেটে নেয় দুষ্কৃতীরা। চুরির প্রমাণ লোপাট করার জন্য ক্যামেরার অপারেটিং ডিভিআর মেশিন, একটি এলইডি মনিটর ও একটি ইন্টারলক মেশিন ওই দুষ্কৃতীরা নিয়ে যায়। আজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আনুমানিক লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।”

বিষয়টি পুরসভার পক্ষ থেকে ঝালদা থানায় জানানো হয়েছে। পুলিশ সরেজমিনে তদন্ত শুরু করেছে।


