স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,২১ মে: বাড়ির সামনে গুলিবিদ্ধ প্রাক্তন পুলিশ কর্মী। নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরের তিন নম্বর ওয়ার্ডের ঘটনা। শুক্রবার রাতেই এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।

জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় আনুমানিক সাতটার সময় বছর ৬৫ -র ঐ পুলিশ কর্মী নিজের বাড়ির সামনে কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা স্কুটিতে করে এসে তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা পলি চক্রবর্তী জানান, “আমরা বাড়ির মধ্যে কাজ করছিলাম তখনই শুনতে পেলাম গুলির আওয়াজ। এর পর বেরিয়ে দেখি উনি রক্তাক্ত অবস্থায় বাইরে মাটিতে পড়ে আছেন”।
স্থানীয় বাসিন্দা মিন্টুবাবু জানান, “আমরা একই পাড়ায় থাকলেও ঘটনাটা কি ঠিক বুঝতে পারছি না। সন্ধ্যে বেলায় যখন কেউ পুজো দিচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ বা বাজারে গেছে, সেখানে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগছে যে কেউ রানিংয়ে এসে কাউকে গুলি চালিয়ে এইরকম ঘনবসতিপূর্ণ জায়গা থেকে স্কুটি চালিয়ে পালিয়ে যেতে পারে। আমি জানি না উনার কোনো শত্রু ছিল কি না! তবে গত পাঁচ বছর হল জনার্দনবাবু রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ডের আগে তার লাস্ট পোস্টিং ছিল বারাসাতে। তারপর থেকে প্রতিবেশী হিসেবে প্রায়ই দেখা সাক্ষাৎ হত কথাবার্তা হতো। তবে কিছুদিন আগে সম্পত্তি নিয়ে ওনাদের একটা গন্ডগোল চলছিল। এখন সেটা তার রেশ কি না তা তদন্ত সাপেক্ষ। পুলিশ প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি এই খুনের ঘটনার কিনারা হবে আমরা আশাবাদী”।

