প্লাস্টিক বর্জন ও খাল বর্জ্যমুক্ত করতে অভিযান কলকাতার ১০৩ নং ওয়ার্ডে

আমাদের ভারত, কলকাতা, ২১ মে: প্লাস্টিক ঠেকাতে সচেতন হতে হবে সাধারণ মানুষকেই। নিকাশির স্বার্থে পরিচ্ছন্ন রাখতে হবে খাল। মানুষকে এই বার্তা দিতে রবিবার অভিযানে নামছেন কলকাতা পুরসভার সিপিএমের একমাত্র কাউন্সিলর নন্দিতা রায়।

শনিবার ১০৩ ওয়ার্ডের কাউন্সিলার নন্দিতা রায় এই প্রতিবেদককে বলেন, “বেশ কিছুদিন ধরে আমরা এলাকায় নানাভাবে প্লাস্টিক বর্জন করার আবেদন জানাচ্ছি। সব সময় পুলিশ দিয়ে আইন রক্ষা করা যায় না। দোকানী এবং মানুষকেও সচেতন হতে হবে। সন্তোষপুর পৌর বাজারে আমরা অভিযান চালিয়েছি।”

সামনেই বর্ষা। পুর নিকাষির মুখগুলো দিয়ে প্লাস্টিক বা অদ্রাব্য জিনিস ভূ-গর্ভস্থ নালায় যাতে না পড়ে, সে ব্যাপারে এলাকায় সতর্ক নজর রাখতে সবাইকে আবেদন করেছেন। এই সব নালার সংযোগ নিকাশি খালের সঙ্গে। খালেও যত্রতত্র জিনিস না ফেলার দিকে নজর রাখার আবেদন করেছেন তিনি। রবিবার বিকেলে সাউথ রোড থেকে জোড়া ব্রিজ পর্যন্ত এ কারণে খালের ধার বরাবর একটি অভিযানেরও ডাক দিয়েছেন কাউন্সিলর নন্দিতা রায়। তিনি বলেন, শহরের বহু অঞ্চলে এই নিকাশির অব্যবস্থায় প্রতি বছর জল জমে। আমাদের গোড়া থেকে সতর্ক থাকতে হবে।

একই আবেদন জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার পুর অধিবেশনে নন্দিতা রায় বলেন, “প্লাস্টিক ব্যবহারের ফলে নিকাশি নালার পথ আটকে যাচ্ছে। অবিলম্বে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হোক।” জবাবে মেয়র জানান, প্লাস্টিকের ব্যবহার বন্ধে আগামী দিনে স্কুলপড়ুয়াদের দিয়ে প্রচার চালাবে পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *