শান্তিপুরে তৃণমূল প্রার্থী অজয় দে’র সমর্থনে প্রচারে এসে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ এপ্রিল:
শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে’র নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করল প্রাক্তন সংসদ তথা তৃণমূলের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষ। এদিন প্রার্থী অজয় দে’র সমর্থনে শান্তিপুর বিধানসভা এলাকায় শান্তিগড় কলোনির ক্লাবের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। এদিন এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

এই জনসভা থেকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রের বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন। এছাড়াও গতকাল কোচবিহার জেলার শীতলকুচির মৃত্যুর ঘটনায় নিন্দার ঝড় তুললেন। তিনি বলেন, মাত্র কয়েক ঘণ্টা আগে শান্তিপুর বিধানসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি রোড শো করেছেন যেখানে দেখা গেছে বহিরাগত মানুষকে গাড়ি ভাড়া করে নিয়ে এসে জমায়েত করা হয়েছে। তিনি নাকি আবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন শীতলকুচিতে কেন্দ্রের সেনা জওয়ানকে ঘেরাও করে আক্রমণ করার চেষ্টা করেছে, সম্পূর্ণ ভুল, মিথ্যে বলছে অমিত শাহ। ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সেনা জওয়ানরা নির্মমভাবে হত্যা করেছে ওই মধ্যবিত্ত ঘরের ৪ যুবককে যার কৈফিয়ৎ দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

পাশাপাশি মিঠুন চক্রবর্তীকে নিয়েও মন্তব্য করতে ছাড়লেন না কুণাল ঘোষ। তিনি বলেন, একটা সময় ওই নন্দীগ্রামে সিপিএমের হয়ে প্রচার করত মিঠুন, আজ বাম থেকে রামে গিয়ে ধোয়া তুলসীপাতা হওয়ার চেষ্টা করছে। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় ওই মিঠুন চক্রবর্তীর জন্য কি না করেছে। যে বাংলা সিনেমা হিট করতে পারে না সে নাকি আবার বিজেপিকে বাংলায় হিট করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *