রাজেন রায়, কলকাতা, ১১ সেপ্টেম্বর: শনিবার দুপুরে হঠাৎ কলকাতা পুরসভায় হাজির হলেন অভিনেত্রী নুসরত জাহান। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। সন্তানের বার্থ সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে পুরসভায় আসেন নুসরত।
যশ-নুসরত প্রথমে মুখ্য পৌর স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত রায় চৌধুরীর ঘরে যান। সেখানে দু’জনেই কোভিড টিকা নেন।

তারপর পুরপ্রশাসক ফিরহাদ হাকিমের ঘরেও ঢুকতে দেখা যায় তারকা জুটিকে। নিজের বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া, বারবার বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। বুধবার এক ইভেন্টে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, “মাতৃত্ব খুবই উপভোগ করছি। আমার জীবনটাই বদলে গেছে। যশ ও আমি দুর্দান্ত সময় কাটাচ্ছি। যশের সঙ্গে অভিভাবকত্ব দারুণ কাটাচ্ছি। বাবা চাইলে তবেই ছেলেকে দেখতে পাওয়া যাবে। ইশানকে সবথেকে ওর বাবাই ভালো সামলাচ্ছে। এখন পরিবার ছাড়া কাউকেই ছেলের কাছে যেতে দিচ্ছেন না ঈশানের বাবা।’ তিনি আরও বলেন, বাবা জানেন বাবা কে? একজন মহিলাকে এই প্রশ্ন করা মানে তাঁর দিকে কালি ছেটানো।

গত ২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সবসময় তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত। তবে একরত্তির নাম ঈশান রেখেছেন নুসরত। অনেকে বলছেন, যশের নামের সঙ্গে মিল রেখেই নাম রাখা হয়েছে।


