কলকাতা- মুম্বাই জাতীয় সড়কে প্রকাশ্য দিবালোকে দাঁতালের তান্ডব 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট: খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে একটি দাঁতাল ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা, গুপ্তমণি প্রভৃতি এলাকায় ছ’নম্বর জাতীয় সড়কের উপর কয়েকদিন ধরে যখন তখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। হাতিটি গতকাল একটি টোলপ্লাজায় চলে এলে আতঙ্কিত হয়ে পড়েন টোলপ্লাজার কর্মীরা।  কলকাতা- মুম্বাই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাখানেক পরে বনদপ্তর ও টোল প্লাজার কর্মীদের চেষ্টায় জাতীয় সড়ক থেকে হাতিটিকে স্থানীয় জঙ্গলে পাঠানো হয়।

এই ঘটনার পর আজ আবার গুপ্তমণির কাছে ফের জাতীয় সড়কের উপরে হাতিটি উঠে পড়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। যেভাবে প্রকাশ্য দিবালোকে দাঁতাল হাতি জাতীয় সড়কে উঠে এসে টোলপ্লাজায় এবং জাতীয় সড়কের পাশে থাকা দোকানগুলিতে হানা দিচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, এই এলাকায় বেশ কয়েকটি দাঁতাল রয়েছে। মাঝেমধ্যেই জাতীয় সড়কে উঠে এসে হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *