আমাদের ভারত, ২৮ আগস্ট: স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্টকে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেশভাগের বিষয়টি বিস্তারিতভাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবি তুললেন বিজেপির উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ হরিনাথ সিং যাদব।
দেশভাগের স্মৃতিকে মনে করিয়ে এই সময়ে সৌভ্রাতৃত্ব কতটা প্রয়োজন তা বোঝাতে ১৪ আগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন মোদী। এবার বিজেপি সাংসদ দাবি করলেন দেশভাগের বিষয়টি সবিস্তারে পাঠক্রমে অন্তর্ভুক্ত করার। তাঁর কথায়, দেশভাগের পেছনে কারা ছিলেন দেশভাগের ফলে কত মানুষ ছিন্নমূল হয়েছিলেন, সেই বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক।
তিনি বলেন, কুড়ি লক্ষ মানুষ দেশভাগের সময় মারা গিয়েছিল। কেন এত বড় ঘটনা ঘটেছিল, কারা এই ঘটনার পিছনে ছিল, কি কারণে দেশ ভাগ হয়েছিল, সে সময় যারা কোনও মতে পালিয়ে এসেছিলেন তারা কি ধরনের অত্যাচারের শিকার হয়েছেন, সে বিষয়ে আজকের দিনে কতজন জানেন? তাঁর দাবি, এই সববিষয় পাঠক্রমে বিস্তারিতভাবে থাকা উচিত।
তবে বিরোধীদের মতে, এটি বিজেপি সরকারের দেশভাগের মোড়কে হিন্দুত্ববাদের আবেগ ও সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কে দেওয়ার নয়া কৌশল। এটাকে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচনের আগে আবার মেরুকরণের রাজনীতির কৌশল বলেও দাবি করেছেন তাঁরা।

