পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৩ নভেম্বর: শহরের রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের জেরে প্রতিদিনই বাড়ছে যানজট। কোথাও টোটো, কোথাও চারচাকা, আবার কোথাও রাস্তার উপর দাঁড়িয়ে থাকছে বড় বড় লরি। এর ফলে সমস্যায় পড়ছেন পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকরাও। রাস্তার উপর অবৈধভাবে গাড়ি রাখার প্রবণতা রুখতে এবার সচেতনতামূলক প্রচারে নামল খড়্গপুর টাউন ট্রাফিক পুলিশ।
এদিন কৌশল্যা মোড় থেকে চাঁদমারি হাসপাতাল পর্যন্ত রাস্তার দু’পাশে অভিযান চালান ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা। রাস্তার উপর যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা চালকদের সচেতন করার পাশাপাশি যান চলাচলে বাধা সৃষ্টি না করার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রায় ৩০ থেকে ৩৫টি গাড়ির বিরুদ্ধে ফাইন করা হয়।

এই সচেতনতামূলক অভিযানে উপস্থিত ছিলেন খড়্গপুর টাউন ট্রাফিকের ডিএসপি (ট্রাফিক)-২ অঞ্জন ঘোষ। এছাড়াও ছিলেন খড়্গপুর টাউন ট্রাফিকের ওসি সাদ্দাম হোসেন- সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
শহরের যানজট সমস্যা কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাভাবিক রাখতে পুলিশের এই উদ্যোগ। তবে শুধু পুলিশি অভিযান নয়, শহরের যানজট নিয়ন্ত্রণে গাড়ি চালকদেরও সচেতনতা ও ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন শহরবাসী।

