Mushroom cultivation, Vidyasagar University, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মাশরুম চাষের হাতে কলমে প্রশিক্ষণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কর্মী ও বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে মাশরুম চাষের প্রসার ঘটাতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিস্টার নিবেদিতা হলে এক হাতে- কলমে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লাইফ সায়েন্সেস- এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৮৬ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য এই ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবমুখী জ্ঞান অর্জনের পাশাপাশি স্বনির্ভরতা ও বিকল্প জীবিকার সম্ভাবনাও তৈরি করতে পারে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর লাইফ সায়েন্সেস- এর অধিকর্তা অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তিনি সহজ পদ্ধতিতে ঝিনুক মাশরুম (Oyster Mushroom) চাষের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের হাতে- কলমে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের সময় প্রস্তুত করা মাশরুম কালচার ব্যাগগুলি অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়, যাতে তারা নিজেদের বাড়িতে মাশরুম চাষের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উৎসাহ ও সক্রিয় সহযোগিতা কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চা, জনসংযোগ ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে সেন্টার ফর লাইফ সায়েন্সেস- এর এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *