স্কুলে হামলা সন্ত্রাসবাদীদের, জঙ্গিদের গুলিতে মৃত্যু কাশ্মীরি পন্ডিত শিক্ষিকার

আমাদের ভারত, ৩১ মে: ফের এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। এবার একটি স্কুলে ঢুকে এক কাশ্মীরি পন্ডিত শিক্ষিকাকে হত্যা করেছে জঙ্গিরা। কুলগাম এলাকার গোপালপুর হাইস্কুলে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন ওই শিক্ষিকা। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ।

মৃতা শিক্ষিকার নাম রজনী। পুলিশ জানিয়েছে, আপাতত ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। ভয়াবহ এই ঘটনার পরে জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কাশ্মীর পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাম্বা এলাকায় এক হিন্দু শিক্ষিকা জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় জড়িত জঙ্গিদের অবিলম্বে খুঁজে বের করা হবে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

বেশ কিছুদিন ধরেই কুলগাম অঞ্চলে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মাসখানেক আগে সরকারি অফিসে ঢুকে এক কাশ্মীরি পন্ডিতকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে যায় কাশ্মীর। রাজ্যপাল কাশ্মীরি পন্ডিতদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বাস দেয়। পুলিশ কর্মী থেকে জনপ্রিয় অভিনেত্রী একমাসের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অনেকেই। আজকের ঘটনার পরে অনেকেই মনে করছেন কাশ্মীরি পণ্ডিতদের শিক্ষা ব্যবস্থায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিতদের শিশুরা ভয়ে যাতে পড়াশোনা না করতে পারে সেই উদ্দেশ্যেই স্কুলে হামলা চালিয়েছে জঙ্গিরা।

এই ঘটনার পরে শ্রীনগরে কাশ্মীরি পন্ডিতরা রাজপথ অবরোধ করে। তাদের দাবি, অবিলম্বে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হোক। মৃত শিক্ষিকার আত্মীয়রা দাবি করেছেন, এই ভাবে বেছে বেছে খুনের ঘটনা বন্ধ করতে পদক্ষেপ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *