স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ ফেব্রুয়ারি: ভোটের আগে অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলি এবং একটি সেভেন এমএম পিস্তল-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। নদিয়ার কল্যাণী থানার চা বাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের নাম আনসার আলি মণ্ডল (৪৫)। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার ঘরকোনটা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আর কিছুদিন পরেই রাজ্যের বাকি পৌরসভায় নির্বাচন। নয়টি পৌরসভায় নির্বাচন হতে চলেছে নদিয়াতে। সেই কারণেই নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন যাতে কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে সতর্ক পুলিশ। নিয়ম করে প্রতিদিন পুলিশের তরফ থেকে টহল দেওয়া হচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ গয়েশপুর চা বাগান এলাকায় তল্লাশি চালায়। প্রাথমিকভাবে সেখানেই এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এর পরেই ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
প্রশাসনিক সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তিকে আজ কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে চাওয়ার জন্য আদালতে আবেদন করতে পারে বলে সূত্রের খবর।

