সাথী দাস, পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি: ঝালদায় বিজেপির পোষ্টার ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঝালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে পোষ্টার ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
এবিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় ভগত জানান, “কাল কিছু নির্বাচনী প্রচারের ব্যানার পোষ্টার ঝান্ডা লাগিয়ে ছিলাম এলাকায়। কিন্তু আজ সকালে খবর পাই কে বা কারা রাতের অন্ধকারে পোস্টার ব্যানার ছেড়ে আগুন ধরিয়ে দেয়। ঝালদা থানায় অভিযোগ করেছি। দুষ্কৃতীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার অনুরোধ রেখেছি।”

স্থানীয় বাসিন্দা তথা বিজেপির জেলা সাধারণ সম্পাদক শংকর মাহাতো বলেন, “ঝালদায় রাজনৈতিক প্রতি হিংসার ঘটনা ঘটেনি কোনও দিন। কিন্তু শাসক দল এই ধরণের পরিস্থিতি তৈরী করছে। তারা চাইছে বিরোধী শুন্য করতে। কিন্তু মানুষ এর জবাব দেবে।
আজ ঘটনাস্থলে পৌঁছান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এখন আতঙ্কের মধ্যে রয়েছে। তাই এই সব কান্ড করছে। তৃণমূল কংগ্রেসের এটা কোনো নতুন ঘটনা নয়। ঝাণ্ডা, ফেস্টুন ছেঁড়া বিজেপি কার্যকর্তাদের মাথা ফাটানো এটা তৃণমূলের বৈশিষ্ট্য।” সাংসদ আরও বলেন, “ঝালদায় বেশি উৎপাত করলে মানুষ জবাব দেবে। কারণ আমাদের কার্যকর্তাদের মেরে, কোথাও খুঁটি তো কোথাও গাছে ঝুলিয়ে দিয়েছিল তাতেও পুরুলিয়ার মানুষ রুখে যায়নি। জবাব দিয়েছে তৃণমূলকে স্তব্ধ করেছে।”
বিষয়টি নিয়ে ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ সেন বলেন, “এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। তারাই নিজে এইসব করে মানুষের মন জয় করতে চাইছে। তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে তাতেও বিজেপির লাভ হবে না। ঝালদার মানুষ সব বোঝেন। “

