‘রাষ্ট্রদ্রোহিতা’, অপর্ণা সেনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ কল্যাণ চৌবের

আমাদের ভারত, ১৭ জানুয়ারি: প্রাক্তন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের হল। সোমবার কলকাতায় এই অভিযোগ করেছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। কল্যাণবাবুর অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্রত্যাহারও করেননি বা ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাননি। দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ অভিনেত্রী এনেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তাই অপর্ণার বিরুদ্ধে পুলিশ যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় তার জন্যই তিনি ওই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এখানেই থেমে যাননি কল্যাণ। রীতিমত হুমকির সুরে জানিয়ে দিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। এই প্রতিবেদককে তিনি বলেন, “ফৌজদারী বিধির ৫৪ নম্বর ধারায় এই অভিযোগ দায়ের করেছি। প্রতিলিপি দিয়েছি পুলিশ কমিশনার ও ডিসি ইএসডিকেও।

প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর একটি সাংবাদিক বৈঠকে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন অপর্ণা সেন। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এক্তিয়ার বাড়ানো প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের উপর অত্যাচার হয়। ভাবলেই শিউরে উঠতে হয়।’

সেই মন্তব্যের জেরেই বিজেপির নেতারা অপর্ণার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। পাশাপাশি সেই সময়েই কল্যাণ চৌবে অপর্ণাকে চিঠি পাঠিয়ে ওই মন্তব্য প্রত্যাহার বা ক্ষমা চাওয়ার দাবি জানান। অপর্ণা এখনও সেই চিঠির কোনও জবাব দেননি। এবার তাই অপর্ণার বিরুদ্ধে সোজা থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করেছেন কল্যাণবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *