আমাদের ভারত, ১৭ জানুয়ারি: বিরজু মহারাজের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, “বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ (ব্রিজ মোহন নাথ মিশ্র) -এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতরাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর।
এই প্রবাদপ্রতিম শিল্পী নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি পদ্মবিভূষণ, কালিদাস সম্মান, সঙ্গীত-নাটক অ্যাকাদেমি অ্যাওয়ার্ড, সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।
বিরজু মহারাজের মৃত্যুতে নৃত্য জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বিরজু মহারাজের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

