স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল: কালিয়াগঞ্জে রোডশোতে এসে জনজোয়ারে ভাসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সোমবার উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী প্রচারের শেষদিনের বিকেলে কালিয়াগঞ্জ শহরে বিজেপির প্রচারে ঝড় তুললেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তথা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে সুসজ্জিত বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস আর উন্মাদনায় অমিত শাহের রোডশোতে কার্যত কালিয়াগঞ্জ শহর অবরুদ্ধ হয়ে পড়ে। সুসজ্জিত একটি গাড়িতে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়কে সাথে নিয়ে রোডশো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে অমিত শাহের রোডশো শুরু হয়ে শহরের রাজপথ পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে গিয়ে শেষ হয়। অমিত শাহকে দেখতে কালিয়াগঞ্জ শহরের রাজপথের দুধারে হাজার হাজার মানুষের সমাগম হয়।

