Modi, BJP, সবার যেমন প্রশ্ন করার অধিকার রয়েছে, তেমন রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাও সমান কর্তব্য: মোদী

আমাদের ভারত, ৮ আগস্ট: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর, এই প্রথম জনসম্মক্ষে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দিলেও শনিবার আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি। প্রায় তিন হাজার জেন-জি পড়ুয়া ও গবেষকদের সামনে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্ন তোলার অধিকার যেমন সবার রয়েছে, তেমনই রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাও প্রত্যেকের সমান কর্তব্য।

সমাবর্তনের মঞ্চ থেকে ছাত্র জীবনের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে প্রবেশের বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্যাম্পাস জীবন আর বাইরের জগত সম্পূর্ণ আলাদা। ক্যাম্পাসের বাইরে বেরলে জীবন যে পরীক্ষা নেয়, তার ধরন অন্যরকম। সেখানে প্রস্তুত করা কোনো প্রশ্নপত্র থাকে না। সবকিছুই আউট অফ সিলেবাস। নিজেকে প্রশ্ন তৈরি করতে হয়, আবার উত্তরও বের করতে হয় নিজেকে। যে শিখবে, জয় তার হতেই হবে।

স্বাধীনতা সংগ্রামের আগের প্রজন্মের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে মোদী বলেন, আজকের আত্মনির্ভর ভারতে নতুন প্রজন্মের সামনে সুযোগ সুবিধা অনেক বেশি।তরুণদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি বলেন,ট তোমাদের ওপর আমার অগাধ ভরসা আছে। দেশের উন্নতির জন্য তোমাদের প্রয়োজন।

এদিনের অনুষ্ঠান থেকে এক নতুন প্রযুক্তিগত মাইল ফলক স্পর্শ করল আইআইটি দিল্লি। এ আই চালিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার পরম প্রজ্ঞার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটি আইআইটি দিল্লির ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে। জটিল বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত গবেষণায় শিক্ষক গবেষক ও ছাত্র- ছাত্রীদের কাজের গতি আরো বাড়িয়ে দেবে এই সুপার কম্পিউটার।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন হাজারের বেশি স্নাতক স্তরের পড়ুয়া এবং ৫৮৭ জন পিএইচডি গবেষকের হাতে ডিগ্রির শংসাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কৃতিদের হাতে তুলে দেওয়া হয় আইআইটি দিল্লির সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস গোল্ড মেডেল, ডিরেক্টরস গোল্ড মেডেল, শংকরদয়াল শর্মা গোল্ড মেডেল এবং পারফেক্ট পেন গোল্ড মেডেলের মতো ঐতিহ্যবাহী পুরস্কার।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নিট বিতর্কের পর থেকেই নতুন প্রজন্ম অর্থাৎ জেন- জির আস্থা ফেরাতে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী। আইআইটি দিল্লির মতো শীর্ষ প্রাতিষ্ঠানিক মঞ্চে উপস্থিত হয়ে তরুণদের ভাষায় তাদের অধিকার ও জাতীয় কর্তব্যর কথা স্মরণ করিয়ে দেওয়া মূলত এই প্রজন্মকে কাছে টানার একটি প্রয়াস বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *