Railway, Jadavpur station, বিরাট ভোলবদল হবে যাদবপুর স্টেশনের, হকারদের জন্য বড়সড় পরিকল্পনা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ

আমাদের ভারত, ৮ আগস্ট: যাদবপুর রেলওয়ে স্টেশনকে আরো আধুনিক ও যাত্রী বান্ধব হিসাবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিল পূর্ব রেল। জানাগেছে, যাত্রীদের সুবিধার্থে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে যাদবপুর স্টেশনে এবার তৈরি হবে একটি শপিং হাব।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডের নেতৃত্বে যাদবপুর স্টেশনকে নতুন রূপে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ৩০৪৫ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে একটি অত্যাধুনিক শপিং হাব তৈরি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করেছে রেল। এই শপিং হাব তৈরি হলে এক ছাদের নিচে বিভিন্ন খুচরো দোকান, প্রয়োজনীয় পরিষেবা এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী পাওয়া যাবে। এর ফলে রেল যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের সুবিধা হবে।

এর ফলে স্টেশন সৌন্দর্যায়ণ এবং সামগ্রিক পরিবেশ উন্নত হবে বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে। এই শপিং হাব তৈরির জন্য স্থানীয় বিক্রেতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিয়ালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, আইন মেনে এবং সুশৃংখলভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মোট জায়গার অন্তত ৫০ শতাংশ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছে রেল। সেখানে দোকান কিয়স্ক স্টল তৈরি করা হবে। প্রতিটি ছোট দোকানের সর্বোচ্চ আয়তন হবে ৮০ বর্গফুট। পাশাপাশি সর্বোচ্চ ২৫ শতাংশ জায়গা, বড় ও খুচরো দোকানের জন্য ব্যবহার করা যেতে পারে। পরিকল্পনা অনুযায়ী শপিং হাবের ২০-৩০ শতাংশ জায়গা বরাদ্দ রাখা হবে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও স্টেশনের সৌন্দর্যায়নের জন্য। প্রয়োজনীয় পরিষেবার জন্য পাঁচ থেকে কুড়ি শতাংশ জায়গা বরাদ্দ করা হবে।

যাদবপুর স্টেশনকে নতুন রূপ দিতে পরিকাঠামোর পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ, স্টেশনের খোলামেলা পরিবেশ বজায় রাখাকেও গুরুত্ব দেওয়া হবে। শুধু শপিং হাব নয়, স্টেশনে নতুন বুকিং অফিস- সহ আধুনিক ফুট ওভার ব্রিজ, স্টেশনের দু’পাশের চলাচলের জায়গায় ব্যাপক সংস্কারের কথাও জানিয়েছে পূর্ব রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *