আমাদের ভারত, বাঁকুড়া, ৯ আগস্ট: চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হলো দুই ভাইয়ের। শনিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ছাতনার শুশুনিয়া পাহাড়ের নিকটবর্তী শিউলিবোনা গ্রামে। মৃতদের বাড়ি পার্শ্ববর্তী কালাঝরিয়া গ্রামে। মাত্র ২ মাস আগে ২ ভাই মিলে ধারদেনা করে ট্রাক্টরটি কিনেছিল। সেই ট্রাক্টরই হলো ২ ভাইয়ের মৃত্যু দূত। গতকাল সকালে ট্রাক্টর নিয়ে ২ ভাই একসঙ্গে বেরিয়েছিল চাষের কাজে। সন্ধ্যায় মাঠ থেকে ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার সময় পাল্টি খায় ট্রাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট ভাই দুর্যোধন বাউরির (৩০)। সে ট্রাকটি চালাচ্ছিল। হাসপাতালে মৃত্যু হয় বড়ভাই আশীস বাউরির (৪২)।
পরিবারটি ছিল দিনমজুরের। সংসারের হাল ফেরাতে দুই ভাই মিলে কিছু টাকা জমিয়ে ধারদেনা করে নতুন ট্রাক্টর কিনেছিল মাত্র ২ মাস আগে। মৃতদের আত্মীয় রাধানাথ বাউরি বলেন, শনিবার সকালে ২ ভাই মিলে ট্রাক্টর নিয়ে গিয়েছিল পাশের গ্রাম শিউলিবনায়। অন্যের চাষের জমিত ট্রাক্টর চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। ফেরার পথে সরু এবং আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্যোধন। পাশের জলকাদা ভরা মাঠে উল্টে যায় ট্রাক্টরটি। দুই ভাই’ই চাপা পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুর্যোধনকে মৃত বলে ঘোষণা করেন এবং আশীস বাউরির অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে রয়েছেন দুই ভাইয়ের স্ত্রী ও বৃদ্ধা মা সহ ছোট তিনটি নাবালক সন্তান।

