করোনা বিধিতে বন্ধ জঙ্গলমহলের জুলজিক্যাল পার্ক

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: রাজ্য সরকার করোনা সচেতনতায় বিধি নিষেধ জারি করার পর সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এর ফলে পার্কে বেড়াতে আসা পর্যটকরা কিছুটা হতাশ হয়েই বাড়ি ফিরে গেলেন। তাদের বেশির ভাগই জানান, এই বিধিনিষেধের ফলে জুলজিক্যাল পার্ক বন্ধ থাকবে বলে তাদের জানা ছিল না।

রাজ্যের পর্যটন মানচিত্রে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম গুরুত্বপূর্ণ স্থান দখল করায় প্রতি বছর শীতের মরসুমে এখানে ঝাড়খন্ড, ওড়িশা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে পর্যটক বেড়াতে আসেন। ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে এক কিলোমিটারের মধ্যে রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। শীতের মরশুমে জুলজিক্যাল পার্ক দেখার জন্য ভিড় উপচে পড়ে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি রেকর্ড সংখ্যক মানুষ জুলজিক্যাল পার্কে বেড়াতে এসেছিলেন। সোমবার জুলজিক্যাল পার্ক বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে পর্যটকদের।

বাঁকুড়ার ফুলকুসমা থেকে সপরিবারে বেড়াতে এসে হতাশ হয়ে ফিরে গেলেন উমা রানা। তিনি বলেন, বেড়াতে এসে দেখছি বিধিনিষেধের জন্য জুলজিক্যাল পার্ক বন্ধ রয়েছে, তাই বাড়ি ফিরে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *