সাথী দাস, পুরুলিয়া, ১১ জানুয়ারি: শেষ পর্যন্ত জঙ্গল মহল উৎসব হচ্ছে। তবে কেন্দ্রীয়ভাবে ঝাড়গ্রামে নয়, জঙ্গলমহলের জেলায় জেলায় এই উৎসব অনুষ্ঠিত হবে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি টুডু আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর একথা জানান। কোভিড পরিস্থিতির কারণে কেন্দ্রীয় স্তরের উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হবে কাঙ্খিত জঙ্গলমহল উৎসব। মন্ত্রী সন্ধ্যা রানি, জেলাশাসক রাহুল মজুমদার ও প্রশাসনিক অন্যান্য আধিকারিকদের ওই বৈঠকে নানা দিক খতিয়ে দেখে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুরুলিয়া জেলায় উৎসব হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু জানান, “১৭, ১৮ ও ১৯ জানুয়ারি বলরামপুরের কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। তবে, কম সংখ্যক প্রতিযোগী, সাংস্কৃতিক দল নিয়ে এবারে জেলা স্তরের উৎসব হচ্ছে।”
প্রসঙ্গত, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের অর্থানুকূল্যে জঙ্গলমহলের চার জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার ২৪টি ব্লককে নিয়ে ঝাড়গ্রামে কেন্দ্রীয় উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। জঙ্গলমহলের কৃষ্টি, সংস্কৃতি, খাবার বিভিন্ন স্টলে উপস্থাপন প্রদর্শনী ও বিক্রি হয়। এতে স্বনির্ভর গোষ্ঠীরা সক্রিয়ভাবে অংশ নেন। এবারই তার ব্যতিক্রম ঘটতে চলেছে।

