আমাদের ভারত, ১১ জানুয়ারি:দেশের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার বড় অংশের শেয়ার কিনতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সংস্থার তরফেই এই খবর জানানো হয়েছে। ভোডাফোন আইডিয়া কাছে স্পেক্ট্রাম বাবদ কেন্দ্রের কাছে বকেয়া টাকা বাজার থেকে তোলার জন্য সংস্থাটিকে শেয়ারে পরিণত করার অনুমতি দিয়েছে সরকার।
এই শেয়ার ৩৫.১% কেন্দ্র নেবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। বাকি শেয়ারের ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফোনের হাতে। ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে আইডিয়া গ্রুপের হাতে।
এই দুটি সংস্থা একত্রে মিলে তৈরি হয়েছে ভোডাফোন আইডিয়া। বাকি শেয়ার থাকবে সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে। স্পেক্ট্রাম বাবদ সরকারের প্রাপ্য ৭৮৫৪ কোটি টাকা এখনো পর্যন্ত দিতে পেরেছে টেলিকম সংস্থা। এখনও বকেয়া রয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা। সংস্থা সিদ্ধান্ত নেয় সরকারি বকেয়া শেয়ারে রূপান্তরিত করা হবে। এই খবর বাজারে আসতেই ভোডাফোন আইডিয়া শেয়ারের দর পড়ে যেতে শুরু করে। কিন্তু মঙ্গলবার সংস্থার ঘোষণার পর বাজার কিছুটা হলেও চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দেশের আরও একটি টেলিকম সংস্থার ভারতী এয়ারটেল স্পেক্ট্রাম বাবদ বকেয়া অর্থ শেয়ারে পরিণত না করার সিদ্ধান্ত নিয়েছে।

