আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ নভেম্বর: খুব শীঘ্রই পূর্ব মেদিনীপুর জেলা ও মহকুমা আদালতের নতুন ভবনের উদ্ভোধন হবে। নতুন ভবনের কাজ প্রায় শেষ। তাই শুক্রবার নতুন ভবন পরিদর্শনে এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা ডিস্ট্রিক্ট জোনাল জাজ শেখর বি সরাফ সহ অন্যান্য আধিকারিকরা ও পূর্ব মেদিনীপুর জেলা জজ গোপাল চন্দ্র কর্মকার।

পূর্ব মেদিনীপুর জেলাতে এসে আদালত ভবনের কাজ সহ ১৬ টি এজলাস ঘুরে দেখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সেইসঙ্গে তিনি ক্রিমিনাল ও সিভিল বারে যান। আইনজীবীদের সাথে কথাও বলেন। এছাড়াও তমলুক আদালতের বিচারকদের সাথে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে বর্গভীমা মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

পরিদর্শনের পরে পূর্ব মেদিনীপুর জেলা জজ গোপাল চন্দ্র কর্মকার জানিয়েছেন, নতুন ভবনের কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই এই ভবনের উদ্বোধন হবে।

