আমাদের ভারত, বীরভূম, ২৩ আগস্ট: সাংবাদিকতাকে আরও সৃজনশীল করে তোলার পরামর্শ দিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। ভুল পথে না গিয়ে গঠন মূলক সংবাদ পরিবেশন করুন। সাংবাদিকদের পাশে থেকে এই সরকার সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।
রবিবার বীরভূমের রামপুরহাট লক্ষ্মী অনুষ্ঠান ভবনের সভাকক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করেছিল বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সভায় উপস্থিতি ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, প্রাক্তন পুলিশ অধিকর্তা অরিন্দম আচার্য, সাংবাদিক অখিল বন্ধু মহাপাত্র, ক্রীড়া সাংবাদিক তমাল পাহাড়ি, সাংবাদিক শ্রীমন্ত কুমার মণ্ডল, আলিপুর বার্তার কার্যকারী সম্পাদক প্রণব কুমার গুহ, প্রাক্তন বিচারক শ্যামল গুপ্ত।
প্রশিক্ষণ শিবিরে সাংবাদিকতা বিভাগের ছাত্র- ছাত্রীদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অনেক অজানা তথ্য উঠে আসে। অরিন্দম আচার্য নিরপেক্ষ এবং খবরের গভীরে ঢুকে খবর পরিবেশনের উপর জোর দেন। নারীদের উপর অত্যাচারের খবর বেশি করে পরিবেশন করে অপরাধীদের মুখোশ খুলে দেওয়ার অনুরোধ করেন। সব শেষে শিক্ষানবীশ সাংবাদিকদের উন্নত সাংবাদিকতার পরামর্শ দেন বিধায়ক অনুপ সাহা। প্রশিক্ষণ শেষে সকলকে শংসাপত্র প্রদান করা হয়।

