অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১১ মার্চ: লেখক-পাঠক-প্রকাশকের বাইরেও কেউ কেউ নজর কাড়ছেন বইমেলায়। যেমন শিল্পী সিনহা। পেশায় সাংবাদিক। মেলায় এসেছেন গয়নার সম্ভার নিয়ে।
শিল্পীর নিজের কথায়, “বইমেলায় খবর সংগ্রহে আসতাম। নতুন নতুন গল্প নতুন কি বই বেরোলো বিশেষ করে আমার পছন্দের গোয়েন্দা গল্প কী বেরোলো মূলত সেই সব খোঁজ নিতাম। ২০২০ সালে প্রথমবার নিজের হাতে তৈরি গয়নার সম্ভার বই মেলায় আনি। প্রতিক্রিয়া ছিল সাড়া জাগানো। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে সঙ্গে এই পেশায় যুক্ত রয়েছি। টালিগঞ্জের কিছু বিখ্যাতর সঙ্গে কাজ করেছি। আগে বইমেলায় বিক্ষোভ প্রতিবাদের খবর করেছি। এই প্রথমবার প্রতিবাদে সামিল হয়েছি। কেন গিল্ড কর্তৃপক্ষ আমাদের বসতে দেবে না। পরে অবশ্য আমাদের বসে ব্যবসা করার সুবন্দোবস্ত করে দেন সুধাংশু দে।
এই প্রতিবেদককে শিল্পী জানান, “আমার হাতে তৈরি গয়নার পাশাপাশি আফগানিস্তান থেকে আনা পুরনো দিনের অ্যান্টিক গয়না রয়েছে আমার সম্ভারে। যা ১০০ বছরেরও বেশি ঐতিহ্য বহন করে চলে। বইয়ের পাশাপাশি আফগান গহনাপ্রেমীদেরও ভিড় থাকে বইমেলায়। জার্মান সিলভার শুরু হয় ৫০ টাকা থেকে এবং আফগান শুরু হয় ৫০০ থেকে। শেষ হওয়ার বাকি মাত্র তিন দিন। সপ্তাহান্তে বই মেলায় একটু বেশি বিক্রির আশা করছি।”

