সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ মার্চ: স্কুটি নিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় পথ দুর্ঘটনার কবলে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মণ্ডল। দুর্ঘটনায় বাম হাত, দুই পা ও বুকে চোট পায়। এরপর স্থানীয়রা তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়েই পরীক্ষা দেওয়ার জন্য কান্নাকাটি করে রহিমা। পুলিশ প্রশাসন ও বনগাঁ মহকুমা হাসপাতাল সুপারের সহযোগিতায় হাত, পায়ে চোট, বুকে যন্ত্রনা ও স্যালাইন হাতে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী।

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কাপাসাটি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মন্ডল শুক্রবার স্কুটি চালিয়ে বাগদার থোয়ারা হাইস্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় মাকরা এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিজেই স্কুটি নিয়ে রাস্তায় পড়ে আহত হয়। পথ চলতি ও স্থানীয় মানুষের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষার্থী রহিমা মণ্ডলকে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর একটু সুস্থ হলেই রহিমা পরীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এমনকি কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। এরপর হাসপাতাল সুপারের সহযোগিতায় হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। আহত ছাত্রী রহিমা মন্ডলকে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে পরীক্ষা ব্যবস্থা করায় খুশি বাবা সাইফুল মন্ডল। তিনি ধন্যবাদ জানায় প্রশাসন থেকে হাসপাতাল সুপারকে।
এই বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাত বলেন, পথ দুর্ঘটনায় আহত হয়ে রহিমা মন্ডল বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি হলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।

