জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচনের আগে মেদিনীপুরে তৃণমূল ও বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন দুশো জন নেতা কর্মী। শনিবার মেদিনীপুরে জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ে বিভিন্ন দল থেকে আসা নেতা কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়, সর্বভারতীয় কার্যকরী কমিটির সদস্য কুনাল ব্যানার্জি সহ অন্যান্যরা।
সমীর রায় জানান, আগে কংগ্রেস করতেন এরকম অনেকেই তৃণমূল এবং বিজেপিতে চলে গিয়েছিলেন। তারা দলে ফিরে এলেন। তিনি বলেন, মেদিনীপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডে স্বপন চৌধুরী তিন বার কাউন্সিল ছিলেন এবং তার স্ত্রী অঞ্জলি চৌধুরীও তৃণমূলের কাউন্সিলর হিসেবে বিশেষ পরিচিত। তারা দু’জনেই আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। এই যোগদানের মধ্য দিয়ে তৃণমূলের দুর্নীতি ও অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের ভাঙ্গন শুরু হয়েছে। সারা বাংলায় তৃণমূল এভাবে ভাঙতে থাকবে এবং সমৃদ্ধ হবে কংগ্রেস।

