আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ জুন: গাছের জন্য হাঁটুন, ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষ রোপনের আয়োজন করল জলপাইগুড়ির প্রত্যুষা নামে এক সংগঠন। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠান করা হয়।
শহরের দিশারী ক্লাবের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শান্তিপাড়া, নেতাজী পাড়া হয়ে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করলা নদীর অ্যালীতে শেষ হয়। শোভা যাত্রায় সংগঠনের পাশাপাশি দিশারী ক্লাব, অরবিন্দ ক্লাব ও পাঠাগার, সায়েন্স এন্ড নেচার ক্লাব, নর্থবেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও শহরের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

“বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা ও আলোচনা করেন প্রত্যুষার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। সংস্থার উদ্যোগে অ্যালীর পুরনো গাছের পরিচর্চা ও বৃক্ষরোপণ করা হয়। প্রত্যুষার সহ সভাপতি রঞ্জিৎ কুমার মিত্র বলেন, পরিবেশ জীব বৈচিত্রের সমৃদ্ধি ফিরে আসুক, করলা নদীর হারানো গতি ফিরে পাক, জলপাইগুড়ির পরিবেশ সুস্থ হোক এই বার্তা তুলে দেওয়া হল।”

