ময়নার বাকচায় তাজা বোমা উদ্ধারের পর তৃণমূলের হাতে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি : বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনার পরেই ময়না থানার বাকচা এলাকায় বিজেপির কর্মী সমর্থকরা আক্রান্ত হয় বলে অভিযোগ বিজেপির। অভিযোগের তির তৃণমূলের দিকে।

পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরাদন এলাকায় এক ব্যক্তির বাড়ির পেছন থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি উদ্ধার করে ময়না থানার পুলিশ। বোমাগুলি স্থানীয় তৃণমূল নেতা সাহেব মন্ডলের বাড়ির পেছনে মজুত করা ছিল। স্থানীয় লোকজন বোমাগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ময়না থানার পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ এলাকা থেকে বোমা উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বিজেপির কার্যকর্তা ও কর্মী সমর্থকের বাড়ি বাড়ি আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির প্রায় দশজন আহত হয়। গোড়ামাহালের সরলা মিদ‍্যা নামে এক বিজেপি কর্মীর কপাল ফেটেছে বোমার আঘাতে বলে অভিযোগ বিজেপির। বিজেপির নেতৃত্বের বক্তব্য, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করলেও বাকচাকে বিজেপিমুক্ত করতে না পারলে বোধহয় রাজনৈতিক ক্ষমতা পরিপূর্ণতা প্রাপ্ত হবে না। তাই ময়না বিধানসভার বাকচাকে বোমার ভাণ্ডার করেছে।

তাদের আরো অভিযোগ, তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে ময়নায় দুষ্কর্ম করে যাচ্ছে। বিজেপির দাবি, অবিলম্বে বাকচাকে দুষ্কৃতিমুক্ত করতে হবে ও শান্তি ফিরিয়ে দিতে হবে। বিজেপির একজন কর্মী মধুসূদন হাইতকে বাকচার ভঞ্জপাড়া থেকে তুলে নিয়ে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী বলে অভিযোগ বিজেপির। এই ঘটনার জেরে আবারও অশান্ত উঠেছে ময়না থানার বাকচা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *