হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

আমাদের ভারত, হলদিয়া ২১ জানুয়ারি: প্রায় ৮ কোটি টাকা ব্যয় করে আধুনিক হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভের ডাইরেক্টর পার্থ ঘোষ। তার আগে ফলক ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামনে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা।

শুক্রবার ২১ জানুয়ারি ২০২২, হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়া পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত টাউনশিপ সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পূর্ব ঘোষিত শিলান্যাস কর্মসূচির ঠিক আগে সকালে উল্লেখিত অনুষ্ঠানের নাম খোদাই করা প্রস্তর, মূল মঞ্চের ব্যানার এবং ব্যাপকভাবে মূল মঞ্চের পারিকাঠামোকে ভাঙ্গচুর করা হয়। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত শিলান্যাস অনুষ্ঠানের প্রস্তর এবং ব্যানারে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের নাম না থাকার কারণে, উনার ওয়ার্ডে, উনার নির্দেশ মতো, উনার অনুগামীরা এই দুষ্কর্ম করে এবং অনুষ্ঠান সংলগ্ন এলাকায় তালা লাগিয়ে দেয়। এরপরে তড়িঘড়ি নূতন ফ্লেক্স প্রিন্ট করে মূলমঞ্চে এবং ভিত্তিপ্রস্তর যেখানে স্থাপন হবে সেখানে লাগানো হয়। এই ঘটনার জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।

হলদিয়া শিল্পাঞ্চল তৈরি হওয়ার পর প্রথম থেকেই সাদামাটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক ধরনের সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা নেয় হলদিয়া পৌরসভা এবং হলদিয়া রিফাইনারি। সেইমতো শুক্রবার হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডাইরেক্টর পার্থ ঘোষের উপস্থিতিতে আধুনিক সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল। ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের জেলা সভাপতি দেবপ্রসাদ মন্ডল ও কাউন্সিলর আজগর আলী সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *