শিল্পপতিদের সামনে রেখে কি নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? মমতার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত মন্তব্যের সমালোচনায় সুকান্ত

আমাদের ভারত,২০ এপ্রিল:শিল্প সম্মেলনে শিল্পপতিদের নাম করে কি নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে মমতার অভিযোগের পাল্টা প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, “শিল্পপতিদের সামনে রেখে নিজের দলের নেতাদের, নিজের আত্মীয়দের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত থেকে কি আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী? শিল্পপতিদের হয়ে এমন আবেদন জানানোর দায়িত্ব তাকে কে দিয়েছে? শিল্পপতিদের নিয়ে সম্মেলনে অপ্রাসঙ্গিকভাবে তদন্তের প্রশ্ন টেনে আনলেন কেন? পাশাপাশি সুকান্তের মন্তব্য, শিল্প সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য শোভনীয় নয়। আমাদের দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী কোথায় কি বলতে হয় জানেন না। শিল্প সম্মেলন রাজনৈতিক বিরোধ দেখানোর জায়গা নয়। যে সমস্ত শিল্পপতিদের সম্মেলনে এসব কথা বলছেন তারা দেশের অন্যান্য রাজ্যে বিনাবাধায় শিল্প স্থাপন করেছেন।”

প্রসঙ্গত বিশ্ববাণিজ্য সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখার সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি পরামর্শ দেন রাজ্যপাল। তিনি বলেন বাংলার উচিত রাজনৈতিক বিভেদ ভুলে উন্নয়নের কথা ভেবে কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করা। এতে বাংলার ভালো হবে।

রাজ্যপাল বক্তব্য রাখার কিছুক্ষণ পর ওই মঞ্চে থেকে নিজের বক্তব্য রাখার সময় ধনখড়ের পরামর্শ মূলক মন্তব্যের জবাব দেন মমতা। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সব রকম সাহায্য আমরাও পেতে চাই। তবে শিল্পপতিদের তরফে রাজ্যপালের কাছে আমার একটি অনুরোধ আছে। অনুরোধটি এই যে, শিল্পপতিদের যেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কোনওরকম হেনস্থা না করা হয়। রাজ্যপাল যেন বিষয়টি কেন্দ্রের কানে পৌঁছে দেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *