জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ এপ্রিল: পিংলায় এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। বুধবার সকালে পিংলা থানার উজান গ্রামের ধানক্ষেত সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে ওই গৃহবধূর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ওই গৃহবধূ বাড়িতেই থাকতেন। সকালে এলাকার লোকজন ধানক্ষেতে কাজ করতে যাওয়ার সময় ক্ষেতের পাশে বিবস্ত্র অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পিংলা থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, ওই মহিলা (বেহুলা সিং) কে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় সেই অভিযোগ দায়ের করে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানানো হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দিনেশ কুমার জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে। এই মর্মে পিংলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
পিংলার বিধায়ক অজিত মাইতি জানান, যে কোনো ধর্ষণের ঘটনায় যারা যুক্ত থাকুন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হবে না। সিপিএম ও বিজেপি মানুষকে বিভ্রান্ত করার জন্য মিটিং মিছিল করছে। বিজেপি নেতারা উদেশ্য প্রণোদিতভাবে ধর্ষণের ঘটনায় তৃণমূল নেতা কর্মীদের নাম জড়িয়ে দিচ্ছে। পুলিশ আট ঘণ্টার মধ্যেই অভিযুক্ত প্রতিবেশী রঞ্জন সিংকে গ্রেপ্তার করেছে।

