আমাদের ভারত, হুগলি, ১১ মার্চ: শেওড়াফুলি–আরামবাগ শাখার নসীবপুর স্টেশনে রেল অবরোধ। প্রায় সাড়ে চার ঘন্টা রেল অবরোধ চলে।
অবরোধকারিদের অভিযোগ, ট্রেন অনিয়মিত চালানো হচ্ছে। তার ওপর ভোরের দিকে ট্রেন বাতিল করে সকাল ছটার পর চালানো হচ্ছে। ফলে চাষী এবং ব্যবসায়ীরা সব্জি নিয়ে যেতে পারছেন না বাজারে। সিঙ্গুর, নালিকূল, নসিবপুর, তারকেশ্বর সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর সব্জি ভোরের ট্রেনে শহরতলীর পাইকারি বাজারে যায়। মূলত শেওড়াফুলির মত বড় পাইকারি বাজার থেকে সেই সব্জি জেলার বিভিন্ন খুচরো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন খুচরো বিক্রেতারা।

ভোরের ট্রেনে না গেলে সব্জি বিক্রি হয় না। তাই সময়সূচি মেনে ট্রেন চালানোর দাবিতে চাষী ও ব্যবসায়ীরা নাসিবপুর স্টেশনে অবরোধ শুরু করে। তাতে যোগ দেয় নিত্যযাত্রীরাও। কারন তাদেরও কর্মস্থলে যেতে দেরী হয় নিয়মিত ট্রেন না চলার ফলে। অবরোধের জেরে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে হাজির হয় রেল পুলিশ।
চাষীদের থেকে সব্জি কিনে পাইকারি বাজারে নিয়ে যান নসীবপুরের ব্যবসায়ী তপন কোলে। তিনি বলেন, সকালের তিনটে ট্রেন বাতিল করেছে। পাঁচটার ট্টেন ছটায় এসেছে। বেলায় গেলে সব্জির দাম পাওয়া যায় না। সব্জি নষ্ট হয়ে যায়। আমরা চাই ভোরে ট্রেন নিয়মিত চলুক।

