গড়বেতায় প্রয়াত সমাজসেবী গণপতি বসুর ২৭ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত

জে মাহাতো, আমাদের ভারত, ১০ মার্চ: প্রয়াত সমাজসেবী গণপতি বসুর ২৭ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হল। গণপতি বসু স্মৃতি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সকালে প্রয়াত বসুর বাসস্থান সংলগ্ন গণপতি বসু স্মৃতি উদ্যানে আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন সংস্থার সভাপতি আইনজীবী শ্যামলেন্দু কৃষ্ণ মাইতি। পরে মাল্যদান করা হয়- গণপতি নগরে প্রয়াত বসুর সমাধি ক্ষেত্র এবং স্মৃতি স্তম্ভে। উপস্থিত ছিলেন কৃষ্ণ প্রসাদ মাইতি, বিশ্বেশ্বর সরকার, বাদল কিশোর ভুঁইঞা, কার্তিক রুইদাস, রাজীব গরাই এবং প্রয়াত বসুর পৌত্র অভ্রনীল বসু সহ গণপতি বসুর অনুরাগীরা। 

প্রয়াত বসুর জন্মস্থান গড়বেতার নোহারী গ্রামে স্থানীয় নোহারী অভ্যুদয় সঙ্ঘ ক্লাবের উদ্যোগে এবং রোটারী আই হাসপাতালের ব্যবস্থাপনায় একটি চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। ক্লাব প্রাঙ্গনেও গণপতি বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় এবং গণপতি বসু স্মৃতি মঞ্চে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গড়বেতা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয় রায়, শিব প্রসাদ সরকার, গোপাল দে, চন্দন বসু প্রমুখ।

অনুষ্ঠানে প্রখ্যাত বংশীবাদক রঞ্জন জানা বাঁশির সুরে শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে প্রত্যেকে বক্তাই প্রয়াত বসুর মহানুভবতার কথা স্মরণ করেন। সন্ধে বেলায় নজরগঞ্জে রজনী দোলই কম্পাউন্ডের বৃদ্ধাবাসের আবাসিকদের ফল-মিষ্টি উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন রয়্যাল অ্যাকাডেমির অধ্যক্ষ, গণপতি বসুর ঘনিষ্ট প্রয়াত রজনী দোলইয়ের সুযোগ্য পুত্র সত্যব্রত দোলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *