জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মার্চ: জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলের রাস্তা দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুরক্ষিত ভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে জঙ্গলপথে নজরদারি চালাচ্ছে বনদপ্তর।

মেদিনীপুর বন বিভাগ জানাচ্ছে, এই মুহূর্তে মেদিনীপুর সদর ব্লকের বনাঞ্চলে পনেরো থেকে কুড়িটি হাতি অবস্থান করছে। চাঁদড়া, ধেড়ুয়া প্রভৃতি রেঞ্জের জঙ্গল এলাকায় তাদের উপদ্রবও রয়েছে। পরীক্ষার্থীদের এইসব রাস্তা দিয়েই পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে হচ্ছে। হাতিগুলি যাতে কোনো অবস্থাতেই পরীক্ষার্থীদের কোনরকম ক্ষতি করতে না পারে সেজন্য বিশেষ সুবিধাসম্পন্ন “ঐরাবত” গাড়ি নিয়ে জঙ্গলপথ পাহারা দিচ্ছেন বনকর্মীরা। এই গাড়ি নিয়ে জঙ্গল পথগুলিতে টহল দিচ্ছেন তাঁরা। এর ফলে জঙ্গলের মধ্যে আবদ্ধ থাকতে বাধ্য হচ্ছে হাতির দল। পাশাপাশি, জঙ্গল পথ দিয়ে সুরক্ষিতভাবেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছচ্ছে পরীক্ষার্থীরা। হাতির উপদ্রব থাকা মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া, ধেড়ুয়া প্রভৃতি রেঞ্জের জঙ্গল রাস্তা গুলিতে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই “ঐরাবত” গাড়ি ব্যবহার করে বনকর্মীরা রাস্তা পাহারা দিচ্ছেন বলে মেদিনীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে।

