জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ মার্চ: বাংলার দিদিমণি উত্তরপ্রদেশে গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে দলের ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঘোষিত ফলাফল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মোদীজি চেয়েছিলেন কংগ্রেস মুক্ত ভারত, দেশের মানুষ সেটা বুঝেছেন। কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। তার বক্তব্য, ভারতবর্ষের যত দুর্নীতি ও বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছে কংগ্রেস। সাধারণ মানুষ যেভাবে দিল্লিতে আপকে দিয়ে এক্সপেরিমেন্ট করেছেন সেভাবেই পাঞ্জাবেও এক্সপেরিমেন্ট করছেন।
গোয়ার ফলাফল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা লাড্ডু খাব ওনারা লজেন্স খাবেন।

