Yoga Day, Bangaon, বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন, উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। অনুষ্ঠানে বনগাঁ পুলিশ জেলার বিভিন্ন পদস্থ পুলিশ আধিকারিক, প্রশাসনিক কর্তাব্যক্তি, পুলিশ কর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। যোগব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার বার্তা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, “যোগ শুধু একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনধারা। নিয়মিত যোগচর্চা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।” তিনি সকলকে প্রতিদিন কিছু সময় যোগব্যায়ামের জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এবং মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বনগাঁ পুলিশ জেলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজন ও সাধারণ মানুষ। যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গঠনের বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *