আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জুন: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার হলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচী। বধূ নির্যাতনের মামলায় শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইলা বাগচীর পুত্রবধূ তাঁর শাশুড়ি, স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর শনিবার রাতে ইলা বাগচীকে গ্রেফতার করা হয়।
অভিযোগকারিণী পুত্রবধূর দাবি, ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি রাহুল বাগচীর সঙ্গে তাঁর বিবাহ হয়। বিয়ের পর থেকেই পণের জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। দাবি অনুযায়ী টাকা না আনলে তাঁকে নিয়মিত মারধর করা হতো। শ্বশুর- শাশুড়ির উস্কানিতেই তাঁর স্বামী শারীরিক নির্যাতন চালাত বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইলা বাগচীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাইঘাটা থানার সামনে ও আশপাশের এলাকায় বহু মানুষ জড়ো হন। অভিযোগ, বিজেপি সমর্থকরা ডিম হাতে বিক্ষোভ দেখিয়ে “চোর চোর” স্লোগান দিতে থাকেন। সাধারণ মানুষের একাংশও ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা।
বিরোধীদের দাবি, আইনের চোখে সকলেই সমান এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। ঘটনায় গাইঘাটা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

