অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: সোমবার আন্তর্জাতিক ভাষা দিবস। বাংলাদেশে পুরোদমে চলছে স্মরণ অনুষ্ঠান। এই বাংলাতেও চলছে আলাপ-আলোচনা। এই প্রসঙ্গে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক তথা ইতিহাসবিদ ডঃ সুচন্দ্রা ঘোষ প্রশ্ন তুললেন, “আমরা বাঙালিরা মাতৃভাষাকে সত্যি কি আপন করে নিতে পেরেছি?“
বঙ্গীয় ইতিহাস সমিতি এবং সোসাইটি ফর আন্ডারস্ট্যান্ডিং কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ার সহ সভাপতি সুচন্দ্রা এই প্রতিবেদককে বলেন, “বাংলার প্রচলন আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। বিষয়টা ভাবলে দুঃখ লাগে। এর একটা প্রধান কারণ, আমাদের পড়ার অভ্যাস। ছোটবেলায় অসমে থাকতাম। স্কুলে বাংলা ছিল। কিন্তু তাতে ঋদ্ধ হওয়ার অবকাশ ছিল না। মা ছিলেন শিক্ষিকা। লিখেছিলেন ছোটদের ইতিহাসের গল্প। ওঁর কাছেই আমার বাংলার পাঠ। কলকাতা থেকে বিমানে দুপুরে ডাক যেত। আমি পড়তাম ‘আনন্দমেলা’। আর মা ‘দেশ’। কে আগে সেই বই হাতে নেবে যেন মুখিয়ে থাকতাম। তারপর গোগ্রাসে গিলতাম। সেই আবেগ আর উদ্দীপনা এখন কতটা রয়েছে? বাংলা ভাষার প্রতি ভালবাসাটা শিশুদের মধ্যে আসতে হবে মা-বাবার কাছ থেকে। পরিবেশ-পারিপার্শ্বিকতাটাই এখানে বিবেচ্য। হায়দরাবাদে দেখি অনেক দোকান বা শপিং মলের নামফলকে তেলুগু শব্দ। তুলনায় পশ্চিমবাংলায় স্থানীয় ভাষার প্রচলন অনেক কম। এ ছাড়া বাংলা কথ্য এবং লেখার ভাষায় অত্যাধিক ইংরেজির ব্যবহার। এ সবে প্রশ্ন ওঠে, আমরা বাঙালিরা মাতৃভাষাকে সত্যি কি আপন করে নিতে পেরেছি?”

