কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণের জন্য মমতা উসকে দেওয়ায় শীতলকুচিতে নিরীহ মানুষের প্রাণ গেছে, বললেন দিলীপ ঘোষ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১১ এপ্রিল:
শীতলকুচির গুলি কান্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোক খ্যাপানোর রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। তাই শীতলকুচিতে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে বলে রবিবার উত্তর ২৪ পরগনার বরানগরে বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালীন আত্মরক্ষায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তাতে ৪ জনের মৃত্যু হয় এবং ৪ জন আহত হন। নিহত এবং আহতরা তৃণমূল কর্মী বলে জানিয়েছে রাজ্যের শাসক দল। গুলি কাণ্ডের ঘটনা নিয়ে শনিবার রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে।
দিলীপ ঘোষ বলেন জঙ্গলমহলে তৃণমূল ছিল না তাই সেখানে কোনো সংঘর্ষ হয়নি, যেখানে যেখানে টিএমসি আছে সেখানে সেখানে অস্তিত্ব রক্ষার জন্যই এখন হিংসার আশ্রয় নিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে মানুষকে খ্যাপাচ্ছেন, উসকে দেওয়ার চেষ্টা করছেন। এজন্য দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ করা হচ্ছে, তার পরিণতিতে গতকাল কিছু নিরীহ মানুষ, যারা ওনার কথায় লাফালাফি করেন তাদের প্রাণ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। নিজে হারবেন বুঝতে পারছে। তাই যে কোনো মূল্যে নিজেকে রক্ষা করতে চাইছেন। মৃত্যু সবসময়ই দুঃখজনক। তৃণমূল ভোট বানচাল করতে চাইছে। তাই দুষ্কৃতীদের রাস্তায় নামাচ্ছে। তারাই কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ করছে। যারজন্য শীতল কুচির মতো ঘটনা ঘটছে বলে জানিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *