কৃষক নেতা রাকেশ টিকায়েতের মুখে কালি ছোড়া হলো, হাতাহাতি ভাঙ্গচুর বেঙ্গালুরুর সভায়

আমাদের ভারত, ৩০ মে:কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘতর আন্দোলন চালিয়ে জনপ্রিয় হয়ে ওঠা কৃষক নেতার রাকেশ টিকায়েতের মুখে কালি ছোড়া হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ব্যাঙ্গালুরুতে। সেখানে আয়োজিত কৃষক সম্মেলনে ব্যাপক অশান্তি হয় বলে খবর। ভাঙ্গচুর করা হয় ওই সম্মলনে থাকা জিনিস পত্র।

ব্যাঙ্গালুরুর গান্ধী ভবনে আয়োজিত ওই কৃষক সম্মেলনের কর্মসূচি বানচাল হয়ে যায় রাকেশের মুখে কালি ছেটানোর ঘটনায়। সম্মেলনে চেয়ার ভাঙ্গা হয়, হাতাহাতিও চলে। ফলে পন্ড হয়ে যায় সম্মেলন। এর জন্য পুলিশকে দায়ী করেছেন উত্তরপ্রদেশে কৃষক নেতা রাকেশ।

কেন্দ্র সরকারের তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের ১৮ মাসের আন্দোলনের অন্যতম নেতা ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ কৃষক গোষ্ঠীর ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত। কৃষক আন্দোলন চলাকালীন ও তারপর উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ভোট না দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। চলতি মাসে রাকেশ এবং তার ভাই নরেশ টিকায়েতের বিরুদ্ধে বিশেষ রাজনৈতিক দল ঘেঁষা হওয়ার অভিযোগ তুলে তাদের কৃষক সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন একাধিক নেতা‌‌। এমনকি তাদের কৃষক সংগঠনের সভাপতি রাজেশ চৌহানের নেতৃত্বে আরো একটি অরাজনৈতিক সমান্তরাল সংগঠন গড়ার কথা ঘোষণা করা হয়েছে। সোমবারের ঘটনার পেছনে সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বকেই কারণ বলে মনে করছে কর্নাটকের পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *